চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০)। তাঁরা একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের বাসিন্দা মুহাম্মদ হারুনের ছেলে। ইফতেখার বিবাহিত ছিলেন এবং তাঁর সংসারে স্ত্রী ও এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মুহাম্মদ ইফতেখার প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন। সকালে ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তিনি হাটহাজারী বাজারে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইফতেখারের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ইরাদকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ইফতেখার প্রবাসী ছিলেন, তবে তিনি কোন দেশে কর্মরত ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আইনি প্রক্রিয়া মেনে তাঁর মৃতদেহ হস্তান্তরের কার্যক্রম চলছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম চিকিৎসাধীন অবস্থায় ইরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

















