কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান রতনের সঙ্গে কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে মহসিনকে বলতে শোনা যায়, ‘মিছিলে তো আমার জন্যই আইছত, আমি কি অস্বীকার করছি—তরা তো আমার জন্যই আইছত।’ কথোপকথনের এক পর্যায়ে রতনকে প্রশ্ন করতে শোনা যায়, তারা প্রোগ্রামে কি নিজেদের প্রয়োজনে অংশ নিয়েছিলেন কি না। এর জবাবে মহসিন বিষয়টি স্বীকার করে নেন।
মিছিলে উপস্থিতি ও কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে ভিডিওতে মহসিনের বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। তিনি রতনকে বলেন, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন কেন তার মিছিলে কিশোর গ্যাং লিডার ছিল, তখন তিনি দাবি করেছিলেন যে সেখানে হাজার হাজার মানুষ ছিল এবং তিনি কাউকে চিনেন না। মহসিন রতনকে আরও বলেন, ‘তুমি তো ওইদিন অস্ত্র নিয়ে আসো নাই।’ এর জবাবে রতন পাল্টা অভিযোগ করেন, ‘মহসিন ভাই, তোমার তো বলা দরকার ছিল এই মিছিলে অস্ত্রের মহড়া হয়নি। তোমার প্রোগ্রামে গিয়ে আজ আমি ফেসে গেছি। তুমি আমারে ফাঁসাইয়া দিছো।’
গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সমন্বিত মিছিলে ইমরান রতনকে অংশ নিতে দেখা গিয়েছিল। এরপর গণমাধ্যমে রতনকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে গত সোমবার এক সংবাদ সম্মেলনে মহসিন দাবি করেছিলেন যে তিনি রতনকে চেনেন না। তবে বুধবার প্রকাশিত এই ভিডিওতে তাদের মধ্যে সরাসরি কথোপকথন ও মিছিল সংক্রান্ত আলোচনার বিষয়টি সামনে আসায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভিডিওর বিষয়ে মহসিনের কাছে জানতে চাওয়া হলে তিনি রতনের আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রতন ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করছেন। মহসিনের মতে, রতনের দাবির স্বপক্ষে তার কাছে কললিস্টের প্রমাণ দেওয়া উচিত। তবে সংবাদ সম্মেলনে রতনকে না চেনার দাবি এবং বর্তমানের ভাইরাল হওয়া কথোপকথনের ভিডিও—এই দুই বিষয় নিয়ে মহসিন ও রতনের অবস্থানে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে।
উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর থেকে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এই গ্যাং সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ দীর্ঘদিনের, বর্তমানের এই ভিডিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
















