কাতারে আগ্নেয়াস্ত্র রাখার বা বহনের লাইসেন্সপ্রাপ্ত নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, অস্ত্রের লাইসেন্স সম্পূর্ণ ব্যক্তিগত। তাই সম্পর্কের গভীরতা যতই হোক না কেন, লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র অন্য কাউকে ধার দিতে বা হস্তান্তর করতে পারবেন না। এমনকি অন্য কোনো ব্যক্তিকে অস্ত্রটি নিজের কাছে রাখার অনুমতি দেওয়াও আইনত নিষিদ্ধ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অস্ত্রের লাইসেন্সটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আইনগতভাবে তা কেবল নির্দিষ্ট লাইসেন্সধারীর জন্যই সীমাবদ্ধ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে, ১৯৯৯ সালের ১৪ নম্বর আইন (সংশোধিত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সংক্রান্ত আইন) অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর বা ধার দেওয়া কিংবা লাইসেন্সহীন কারও কাছে তা গচ্ছিত রাখা আইনত অপরাধ। এটি প্রচলিত নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এই বিধিনিষেধ অমান্য করলে লাইসেন্সদাতা এবং অস্ত্র গ্রহণকারী উভয়কেই গুরুতর ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে। শাস্তির অংশ হিসেবে জেল এবং জরিমানার পাশাপাশি অপরাধীর লাইসেন্স বাতিল করা হবে এবং ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও, নিয়ম লঙ্ঘনকারী লাইসেন্সধারী ভবিষ্যতে আর কখনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল লাইসেন্সপ্রাপ্ত নাগরিককে এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনানুগ দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

















