কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, উদ্ভাবনী দক্ষতা ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধন করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষাবিদদের এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো সবার সামনে তুলে ধরতে ও তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীতে বিভিন্ন শাখার শিক্ষার্থীদের তৈরি প্রায় ৭২৮টি ভিন্নধর্মী প্রকল্প ও শিল্পকর্ম প্রদর্শিত হবে। এর মধ্যে প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ এবং পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ১৯৫টি বিজ্ঞান প্রকল্প রয়েছে। একইসাথে দিবা শাখার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ এই প্রদর্শনীর শোভা বাড়াবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠ্যবইয়ের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনন বিকাশের ক্ষেত্রে এই প্রদর্শনী একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের এই মেধা ও সৃজনশীলতার বিকাশ দেখার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

















