লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে বুধবার দুপুরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত খোরশেদ ওই এলাকার রুহুল আমিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে তারা ছুটে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেছেন। তাদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ ফারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, খোরশেদের মৃত্যুতে তার পরিবারের স্বজনরা শোকে ভেঙে পড়েছেন এবং তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন। খোরশেদের মৃত্যুতে হাসপাতাল এলাকায় তার স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়।













