জাপানে চার দিনের সরকারি সফর সম্পন্ন করে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার সফরসঙ্গীসহ ফেরার নির্ধারিত সময় থাকলেও উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়েছে। বর্তমানে ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।
সূত্র জানায়, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং সম্পন্ন করে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাত্রাপথে ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত শনাক্ত হয়। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট সাথে সাথে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ত্রুটি শনাক্তের পরপরই প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল মেরামতের কাজ শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন এবং তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে। তবে পুরোপুরি কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার সময় চূড়ান্ত হবে।
উল্লেখ্য, উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে বিমানকে নিরাপদ গতিতে অবতরণে সহায়তা করে। এ কারণে স্পয়লারের ত্রুটি নিয়ে উড্ডয়ন না করে কারিগরি যাচাই ও মেরামতের এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীদের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজের ওপরই প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় নির্ভর করছে।

















