দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে আগের স্বৈরাচার বিদায় নিলেও বর্তমানে দেশে নতুন এক স্বৈরাচারের উত্থান ঘটছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং পরবর্তী জাতীয় নির্বাচনের পর জনগণের আত্মত্যাগের ফসল হিসেবে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা নব্য স্বৈরাচারের রূপ দেখতে পাচ্ছি। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, অতীতের পতিত শক্তি এবং বর্তমানের এই নব্য স্বৈরাচার—উভয়কেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রাজপথে পরাজিত করা হবে। সরকার জনজীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে এনসিপি নেতা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং চারদিকে চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা। সরকারের এই ব্যর্থতার দায় প্রধানত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। নাহিদ ইসলামের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পাশাপাশি জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে সংবিধান পরিবর্তনের কাজে লিপ্ত রয়েছেন। এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে, বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি। তিনি আরো অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান কাটাছেঁড়া করতে ব্যস্ত হয়ে পড়েছেন।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই তাদের নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যদি জনদাবিগুলো অবিলম্বে পূরণ করা না হয়, তবে দেশজুড়ে আন্দোলনের মাত্রা বাড়ানো হবে এবং গণমিছিলের মাধ্যমে সরকারপ্রধানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে। সমাবেশের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলন জোরদার করা হবে এবং গণমিছিল নিয়ে সরকারপ্রধানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।

















