গণহত্যায় জড়িত থাকার পরও যারা কোনো অনুশোচনা প্রকাশ করেনি এবং জনঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছে, তাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে।
রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা বা বিরোধ থাকতেই পারে, তবে যারা দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে, দীর্ঘ সময় ধরে আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, তাদের বিষয়ে জাতীয় ঐক্য অটুট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করার লড়াইয়ের পর মানুষ আর তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ জাতিসংঘ ও সংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগের ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া অগণিত মানুষ হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি নিজে গুমের শিকার হওয়ার কথা স্মরণ করে বলেন, আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় তিনি বেঁচে আছেন। শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছেন, এখনো তাদের সবার নাম ও কবরের ঠিকানা আমরা জানি না। রাব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যার শিকার ও নির্যাতিত হয়েছেন।
শেখ হাসিনা সরকারের বাদ দেওয়া জাতীয় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই সরকার সংবিধানে বিসমিল্লাহর সংস্থানসহ ইসলামি আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে কাজ করবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার প্রত্যাশানুসারে দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত এই সনদ বাস্তবায়ন করা হবেই। তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভক্তি তৈরির সমালোচনা করেন। আন্দোলন বা সমালোচনার নামে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সরওয়ার আলমগীর, হুম্মাম কাদের চৌধুরীসহ বিশিষ্টজনেরা। স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

















