পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বৃহস্পতিবার বড় ধরনের আঘাত এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কাতার উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার অজ্ঞাত প্রক্ষেপক বা ড্রোন ও মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই জাহাজের ক্রুদের বর্তমান অবস্থা বা ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি তেল ট্যাংকার ও একটি টাগবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, অনুমোদনহীন জলপথ ব্যবহার করে পারাপারের সময় প্রণালীর দক্ষিণ অংশে একটি মাইন বিস্ফোরণে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পূর্বাঞ্চল দিয়ে বের হওয়ার সময় একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায় এবং সেই আগুন নেভাতে যাওয়া উদ্ধারকারী টাগবোটটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলমান এই উত্তেজনার মধ্যেই কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধ মেটাতে কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং সংলাপ চলমান রয়েছে।
এদিকে গত ৩০ অক্টোবর পারস্য উপসাগর অতিক্রম করার সময় কাতারের রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা ‘নাকিলাত’-এর মালিকানাধীন জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং পরিবেশের বড় কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক পর্যালোচনায় জাহাজটি নিরাপদ এবং বর্তমানে সচল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

















