কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর পর্যটন ভিসা পাওয়ার সুবিধা চালু হয়েছে। ১ নভেম্বর গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান থেকে সরাসরি কাতারে আসা পর্যটকরা দেশটিতে প্রবেশের সময় এই ভিসা নিতে পারবেন। প্রথম দফায় ভিসাটি ৩০ দিনের জন্য বৈধ থাকবে এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে আরও ৩০ দিনের জন্য এর মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। গত রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীদের কিছু মৌলিক শর্ত মানতে হবে। আবেদনকারীর কাছে অন্তত ছয় মাসের মেয়াদের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে কমপক্ষে ৫ হাজার কাতারি রিয়াল বা সমপরিমাণ অর্থের বৈধ ক্রেডিট কার্ড থাকতে হবে। এছাড়া যাত্রার আগে অবশ্যই ফিরতি টিকিট নিশ্চিত করতে হবে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা নেয়ার নিয়ম রাখা হয়েছে।
ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশের আগেই ‘ডিসকভার কাতার’ ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং সম্পন্ন করতে হবে। একই সঙ্গে থাকতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা। অন্তত এক মাসের জন্য নেয়া এই স্বাস্থ্যবিমার খরচ পড়বে ৫০ কাতারি রিয়াল। কিউআইসি (QIC) ও কিউএলএম (QLM)-এর মতো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এই বিমা করা যাবে। এছাড়া পাকিস্তান থেকে আসা যাত্রীদের সাথে পোলিও টিকা গ্রহণের সনদ থাকা আবশ্যক।
ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার ক্ষেত্রেও ফিরতি টিকিট প্রদর্শন করতে হবে। যথাযথ নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র দেখালে কর্তৃপক্ষ ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে। মূলত পর্যটনকে উৎসাহিত করতে কাতার সরকার এই নতুন নিয়ম প্রবর্তন করেছে, যা পাকিস্তানি পাসপোর্টধারীদের জন্য দেশটিতে ভ্রমণের প্রক্রিয়াকে আরও সহজতর করবে। এ ভিসায় দেশটিতে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন তারা। পরে আরও ৩০ দিন বাড়ানো যাবে।

















