কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment) দেশজুড়ে পবিত্র কোরআন শিক্ষা প্রসারে এক অনন্য ভূমিকা পালন করছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগটি কাতারে কোরআনি শিক্ষার প্রসারে একটি সফল মডেলে পরিণত হয়েছে। সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে দেশজুড়ে মোট ১৭৬টি কোরআন শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা পাঠদান কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা একটি অনন্য প্রকল্প, যেখানে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এর অর্জিত আয় পবিত্র কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। এই স্থায়ী অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। এর ফলে কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর জন্য একটি স্থায়ী ও নিশ্চিত অর্থায়ন ব্যবস্থা গড়ে উঠেছে, যা প্রতিষ্ঠানগুলোর পরিধি বাড়াতে সহায়তা করছে।
প্রকল্পটির আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছে, যা ২০২২ সালে উদ্বোধন করা হয়।
এই আবাসন প্রকল্প থেকে প্রাপ্ত নিয়মিত মাসিক আয় সরাসরি বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্রের ব্যয় নির্বাহে ব্যবহৃত হচ্ছে। ড. আবু শুরাইদার তথ্য অনুযায়ী, বর্তমান পরিসংখ্যানে আল-উতরুজার কেন্দ্রগুলোতে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী অধ্যয়নরত। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই অংশগ্রহণ কেবল তাদের জ্ঞান বৃদ্ধি করছে না, বরং আদর্শ পরিবার গঠন ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোরআন শিক্ষায় নারী শিক্ষার্থীদের বিশেষ অগ্রগতি। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল অথবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। এছাড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আওকাফ অধিদপ্তর তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে ওয়াকফের অধীন ভাড়ার জন্য খালি থাকা সম্পত্তি খুঁজে দেখতে এবং আবেদন করতে পারবেন। ড. আবু শুরাইদা এই প্রকল্পের সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















