বিদেশে চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ থেকে সোমবার (৯ নভেম্বর) জারি করা নতুন নির্দেশনায় ডলার ছাড়ের সীমা বাড়ানোসহ প্রক্রিয়াটি আরও সহজতর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিদেশে চিকিৎসার প্রয়োজনে একজন গ্রাহক বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন সরাসরি এই সীমা পর্যন্ত অর্থ ছাড় করতে পারবে।
শিক্ষার ক্ষেত্রেও বড় ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পড়াশোনার খরচ পাঠাতে ব্যাংকগুলোর আগের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ আছে কি না, তা যাচাই করার দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ন্যস্ত থাকবে। এছাড়া পেশাদার সার্টিফিকেশন কোর্স কিংবা চিঠিপত্র ও দূরশিক্ষণ বা করেসপন্ডেন্স কোর্সে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমতির শর্ত তুলে দেওয়া হয়েছে।
দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রা জমার সুবিধাও স্পষ্ট করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজে (Form FMJ) পূরণের মাধ্যমে ঘোষণা দিয়ে সংগৃহীত বৈদেশিক মুদ্রা এখন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখা যাবে। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য অনুমোদিত খাতের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা আগের মতোই অপরিবর্তিত থাকছে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

















