রাতের আঁধারে এক-দুটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন দাবি করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার যেকোনো মূল্যে দেশজুড়ে বিনিয়োগ ও শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার করা বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অপসৃত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে থেকে এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সেই সব অপচেষ্টা ও নীলনকশা নস্যাৎ করে দিয়েছে।
পোশাকশিল্প খাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের মতো শিল্পাঞ্চলগুলোতে বিজিবি, শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো উসকানির মুখেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, যাতে উৎপাদন বা রপ্তানি ব্যাহত না হয়। এর পাশাপাশি মালিক ও শ্রমিক পক্ষগুলোর সঙ্গে ক্রমাগত বৈঠকের মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের নিজস্ব ওয়েবসাইটে দেয়া তথ্য নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের সংখ্যা অনেক কমেছে। তবে আগের বছরের সঙ্গে তুলনামূলক চিত্র না তুলে ধরে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
সংসদে সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দেশে ককটেল ছুড়ে বা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালালে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের ভেতরে ও সীমান্তের ওপাড়ে থাকা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সরকারের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা প্রয়োজন হলে সঠিক সময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

















