দেশের গণতান্ত্রিক ধারা অটুট রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান। মন্ত্রীর মতে, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, তা বর্তমান পরিস্থিতিতেও সমানভাবে প্রয়োজন। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন নামে কর্মসূচি দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। কখনো ধর্মের দোহাই দিয়ে, আবার কখনো হরতালের নামে বা ভিন্ন কৌশলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে একটি চক্র। তিনি সরকারি, বিরোধী এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান যেন সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র নস্যাৎ করা হয়। তার মতে, অতীতে কী হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই এখন বড় লক্ষ্য। সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনও ধর্ম, কখনও হরতাল, আবার কখনও অন্য নাম ব্যবহার করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে গড়ে ওঠা জাতীয় ঐক্যের চেতনাকে সমুন্নত রাখতে হবে। তিনি মন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনার মধ্যেই জাতীয় ঐক্যের সীমাবদ্ধতা রাখা উচিত নয়। আলোচনার পাশাপাশি ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে এখন কার্যকর ও বাস্তব পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। ডা. শফিকুর রহমান বলেন, আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের দুঃসহ অভিজ্ঞতা যেন দেশের মানুষের জীবনে আর ফিরে না আসে, তা নিশ্চিত করা সব রাজনৈতিক দলের দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ আর কখনো রাজনৈতিক নিপীড়নের শিকার হতে চায় না। সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক ও মতপার্থক্য গণতন্ত্রের অংশ হলেও, দেশের ভবিষ্যৎ এবং ফ্যাসিবাদ প্রতিরোধের মতো জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে পুনরায় ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু তিক্ত ও অম্লমধুর মন্তব্য থাকলেও জাতীয় ঐক্যের প্রশ্নে তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় রীতিনীতি মেনে সরকার ও বিরোধী দলের মধ্যকার মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক, তবে এই আলোচনা যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।
সংসদে উভয় নেতার আলোচনায় ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট এবং দেশের স্থিতিশীলতা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূর করে সম্মিলিত অবস্থান নেয়ার ওপর জোর দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা উভয়েই একমত হয়েছেন যে, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং কোনো পতিত শক্তিকে যেন নতুন করে সুযোগ দেয়া না হয়, সে ব্যাপারে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে।

















