সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাতে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাবরের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন বিএনপির এই নেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর থেকেই লুৎফুজ্জামান বাবর নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারামুক্তির পর থেকে তিনি তীব্র পিঠের ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, শ্বাসকষ্ট এবং কিডনিজনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। বিশেষ করে মেরুদণ্ডের জটিলতা প্রকট আকার ধারণ করায় জরুরি ভিত্তিতে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসকদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত রোববার (৮ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন।
এদিকে লুৎফুজ্জামান বাবরের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোণার মদনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মোনাজাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের মুসল্লি, আলেম-ওলামাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মহান আল্লাহর কাছে বাবরের অস্ত্রোপচার-পরবর্তী দ্রুত সুস্থতা, শারীরিক জটিলতা দূর হওয়া এবং তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

















