যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন স্থানীয়রা। গত শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে ২৫০ জন ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই গণবিয়ের আয়োজন করা হয়।
‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশিকাঁথার আদলে সূচিকর্ম করা পোশাকে সেজেছিলেন এবং তাদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা পরেছিলেন আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ। যুদ্ধ ও আর্থিক সংকটের মুখে পড়ে যারা এতদিন বিয়ে করতে পারেননি, এই আয়োজন তাদের পাশে দাঁড়িয়ে নতুন করে পথচলার সাহস যুগিয়েছে।
ধ্বংসযজ্ঞ ও চরম অনিশ্চয়তার মধ্যেও এই গণবিয়ে সংগীত, উৎসব এবং পারস্পরিক সম্প্রীতির এক অনন্য বার্তা দিয়েছে। প্রতিকূলতার মাঝেও জীবন, ভালোবাসা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এই মিলনমেলা তারই এক প্রতীকী রূপ হয়ে উঠেছে। জনপদের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই আয়োজন বাসিন্দাদের মনে নতুন আশার আলো ছড়িয়েছে।

















