যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছাকাছি এক অভিজাত এলাকায় বৃহস্পতিবার ভোরে একাধিক স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় ঘটা এই সহিংসতায় অন্তত চারজন আহত হয়েছেন। একাধিক পয়েন্টে গুলির ঘটনা জানার পর দ্রুত অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন স্থানে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তা নাথান ক্লার্ক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বড় একটি অংশ ঘিরে রেখে বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তার স্বার্থে ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে সর্বসাধারণকে। ওই এলাকায় বেশ কিছু আবাসিক ভবন, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ এবং ভিআইডিএ ফিটনেস সেন্টার রয়েছে, আর কাছেই অবস্থিত একটি হোল ফুডস সুপারমার্কেট। ঘটনার পর সাময়িকভাবে আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। স্থানীয় পুলিশ, ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
আমেরিকান কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক (এটিএফ) জানিয়েছে, স্থানীয় বাহিনীকে সহায়তায় তাদের এজেন্টদেরও অকুস্থলে পাঠানো হয়েছে। তবে কারা এই হামলার নেপথ্যে রয়েছে, কী কারণে এই ঘটনা ঘটল কিংবা আহতদের বর্তমান শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে যৌথভাবে কাজ করছে নিরাপত্তা সংস্থাগুলো।

















