বাংলাদেশের বাজারে নতুন দুটি তারবিহীন হেডফোন উন্মোচন করেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুমে মডেল দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়। আয়োজনে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্মোচন অনুষ্ঠানে জশোয়া কোয়েক বলেন, সনির নতুন এই দুই মডেলের হেডফোন বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার সংযোজন। বিশেষ করে সিএইচ ৫৩০ মডেলটি এন্ট্রি লেভেলের হলেও সব বয়স ও শ্রেণির মানুষের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এটি সাশ্রয়ী মূল্যে আনা হয়েছে বলে তিনি জানান। শিক্ষার্থীদের জন্যও এটি বেশ উপযোগী।
দৈনন্দিন ব্যবহারের উপযোগী ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলটির ওজন মাত্র ১৫০ গ্রাম। একবার পূর্ণ চার্জে এটি টানা ৫৫ ঘণ্টা ব্যবহার করা সম্ভব। স্পষ্ট শব্দ নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি এবং একই সঙ্গে দুটি ডিভাইসে যুক্ত থাকার সুবিধার্থে ব্লুটুথ মাল্টিপয়েন্ট প্রযুক্তি দেওয়া হয়েছে। ছয়টি রঙে বাজারে আসা এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ টাকা। হালকা গড়নের এই অন-ইয়ার হেডফোনের ওজন প্রায় ১৫০ গ্রাম।
আরেকটি মডেল ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন-এ ব্যবহার করা হয়েছে সনির নিজস্ব ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি, যা আশপাশের অবাঞ্ছিত শব্দ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে আনে। নয়েজ ক্যানসেলেশন চালু অবস্থায় এটি টানা ৫০ ঘণ্টা ব্যাকআপ দেয়। দ্রুত চার্জিং সুবিধার মাধ্যমে মাত্র তিন মিনিট চার্জ দিয়েই হেডফোনটি এক ঘণ্টা চালানো সম্ভব। পাঁচটি রঙের এই মডেলের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা। বিভিন্ন রঙের হেডফোনটি নারী ও পুরুষ উভয় ব্যবহারকারীর কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শোরুমে হেডফোন দুটি বিশেষ ছাড় ও কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেল কেনায় ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাসের কিস্তি সুবিধা রয়েছে। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ১২ মাসের বিক্রয়োত্তর সেবা।

















