আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি গত বৃহস্পতিবার ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণের পথ সুগম করবে। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। তাই এই রায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংকট সমাধানে সামনের দিনের পথচলায় এর বিশেষ গুরুত্ব রয়েছে।
একই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। তার মতে, এখন মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি নতুন সুযোগ তৈরি হলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংকটটি তুলে ধরতে এবং মিয়ানমারের ওপর চাপ বজায় রাখতে রায়টি বড় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
গাম্বিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়ে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া অবিচার ও গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া যেভাবে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় লড়াই করেছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানকারী সব আন্তর্জাতিক সংস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের পাশাপাশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্যও এই রায় একটি ইতিবাচক দিক বয়ে এনেছে বলে তিনি উল্লেখ করেন।

















