নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনাকারী দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটি বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান এবং তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী। অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধ কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

















