ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে দোহা তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরণের হুমকি হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন ও তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে কাতার।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি এসব কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে জানান, যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি মূলত মধ্যস্থতা প্রক্রিয়ার পথে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করে। যে কারণে সব পক্ষকে উত্তেজনা বাড়াতে পারে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য দোহা আহ্বান জানাচ্ছে।
মধ্যস্থতার কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবারই ইরানের প্রতিনিধিদের সঙ্গে কাতারের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান আল আনসারি। তিনি উল্লেখ করেন, দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে কাতার নিরলস কাজ করছে এবং আগের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
ড. আল আনসারি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। তার মতে, বর্তমানে যে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি বিরাজ করছে, তা কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদী স্বার্থ বয়ে আনছে না; বরং এই অস্থিরতা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। তাই আলোচনা চালিয়ে যাওয়ার পরিবেশ বজায় রাখা বর্তমান সময়ে সবচেয়ে জরুরি এবং কাতার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

















