ভারতের উত্তরপ্রদেশের সহারনপুর সার্কিট হাউসে এক অদ্ভুত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে গার্ড অব অনার দিয়ে বরণ করার প্রস্তুতি নিয়েছিল স্থানীয় পুলিশ। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেখানে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পৌঁছালে ঘটে বিপত্তি।
ওয়েইসির সাথে থাকা বিশাল গাড়িবহর এবং বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী দেখে পুলিশ কর্মীরা তাকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ভুল করেন। এরপর কোনো যাচাই ছাড়াই দ্রুত তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আসাদউদ্দিন ওয়েইসিও অত্যন্ত বিনয়ের সাথে সেই সম্মান গ্রহণ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল পুলিশ।
প্রোটোকলের এমন চরম অবহেলা এবং দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জানা গেছে, শনিবার আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদের সাথে একটি রাজনৈতিক বৈঠক ও আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের জোট নিয়ে আলোচনার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতেই সহারনপুরে গিয়েছিলেন ওয়েইসি। কিন্তু পুলিশ প্রশাসনের এমন ভুল ও প্রোটোকল ভঙ্গের বিষয়টি নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও।

















