ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত জেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বুড়ির বাঁধ প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির। অভিযানে বুড়ির বাঁধ প্লাবনভূমি থেকে ১০টি রিং জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার এবং ৫২টি কারেন্ট জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার মিটার, জব্দ করা হয়।
জব্দ করা এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থল বুড়ির বাঁধে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি এবং ঠাকুরগাঁও পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জালের ব্যবহার নদী-নালা, খাল-বিলের দেশীয় মাছসহ অন্যান্য জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে নিষিদ্ধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করি এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।















