সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামে মৌসুমের শুরুতেই জমে উঠেছে জলপাই বিক্রির জমজমাট হাট। ভোর থেকে অটোরিকশা, ভ্যান ও পিকআপে করে বস্তাবোঝাই জলপাই নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। হাটের মাটিতে পলিথিন বিছিয়ে স্তূপ করে জলপাই সাজিয়ে রাখা হচ্ছে, যেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা ওজনে তা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। মাটিতে বিছানো পলিথিনে ঢেলে স্তুূপ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা ও বাক্ষ্রমবাগসহ আশপাশের এলাকা থেকে জলপাই নিয়ে আসেন বিক্রেতারা। সাধারণত সপ্তাহে রবি ও বৃহস্পতিবার হাট বসলেও জলপাইয়ের মৌসুম হওয়ায় এখন প্রতিদিনই এখানে কেনাবেচা চলছে। এই হাটে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই বেচাকেনা হয়, যার আর্থিক মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া ও ঢাকাসহ দূর-দূরান্তের পাইকাররা এখান থেকে জলপাই সংগ্রহ করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।
ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, জলপাই গাছে মুকুল আসার পরপরই পাইকারি ব্যবসায়ীরা মালিকদের কাছ থেকে গাছ কিনে নেন। আকার ভেদে একেকটি গাছে ১০ থেকে ১৫ মণ পর্যন্ত জলপাই ধরে। বর্তমানে প্রতি মণ জলপাই ৭০০ থেকে ৯০০ টাকায় কেনা হচ্ছে এবং পাইকারি বাজারে তা ১০০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলী জানান, গাছগুলোর তেমন পরিচর্যা বা কীটনাশকের প্রয়োজন হয় না বলে চাষিরা সহজেই লাভবান হচ্ছেন। তিনি বলেন জলপাই গাছের তেমন পরিচর্যা করতে হয়না। তাই জলপাই চাষিরা সহজেই লাভের মুখ দেখতে পান।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার সাদাত জানান, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ—এই তিন মাস জলপাইয়ের মৌসুম। পুষ্টিগুণে ভরপুর এই টক ফলটি সরাসরি খাওয়ার পাশাপাশি আচার তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয়। কৃষকদের বাড়তি আয়ের উৎস হিসেবে জলপাই চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলায় ১০১ হেক্টর জমিতে জলপাই চাষ হয়েছে এবং ৯০৫ মেট্রিক টন ফলন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এই টক ফলটি দিয়ে মুখরোচক আচার বানিয়ে সারা বছর খেতে পছন্দ করেন অনেকেই। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০৫ মেট্রিক টন। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ টক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবেই বেশি জনপ্রিয়।

















