গাজীপুরের কালীগঞ্জে দ্রুতগতির এক কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এসআই মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে ছিলেন। পুলিশ জানায়, মাদকের ঘটনায় স্থানীয় লোকজন আটক হয়েছে এমন খবর পেয়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। একই সময় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনরত অবস্থায় মহাসড়কের পাশে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছিল।
পুলিশের ভাষ্যমতে, নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানটি এসআই মিজানুর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় এবং পরে তাকে রাস্তায় ফেলে রেখে চালক দ্রুত ঘোড়াশালের দিকে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। পিএসআই জাবেদ ওমর এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত কনস্টেবল ফজলে রাব্বিকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও থানা ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

















