উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের নিকটবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, এটি ঘনীভূত হয়ে আগামী শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সত্যিই ঘূর্ণিঝড়টি গঠিত হয়, তবে বাংলাদেশের প্রস্তাবিত নাম অনুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’।
আমেরিকার আবহাওয়া মডেল জিএফএসও-এর তথ্যমতে, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এখনো আনুষ্ঠানিকভাবে এটিকে কেবল নিম্নচাপ তৈরির প্রাথমিক পর্যায় হিসেবেই দেখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।
ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত হতে পারে। এসময় বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সংকেত জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্ত ভারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল রয়েছে।

















