পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যা নাগাদ উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম এবং উপজেলা সদর এলাকায় অবস্থিত তার বাড়িগুলোতে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া গ্রামে সাবেক এই মন্ত্রীর গ্রামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এর ঠিক আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের দাবি, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এসব হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর গ্রামে হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

















