প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি সপ্তম একনেক সভা, যেখানে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের নোটিশ অনুযায়ী, সভায় মোট ২১টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপিত হয়েছে। এছাড়াও আগে থেকে চলমান ১৪টি প্রকল্পের অগ্রগতির বিষয়টিও পর্যালোচনার জন্য রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
তালিকায় থাকা ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি সম্পূর্ণ নতুন, ৫টি সংশোধিত এবং ২টি মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৫০ কোটি টাকার নিচে ব্যয়সংবলিত ছোট ও মাঝারি আকারের আরও ১৪টি প্রকল্প কমিটির অবগতির জন্য পেশ করা হয়েছে। আজকের সভার অন্যতম আলোচিত বিষয় স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক মেগা প্রকল্পটি। পরিকল্পনা কমিশন ইতোমধ্যেই এই প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদনের সুপারিশ করেছে। এ ছাড়া আগে অনুমোদন পাওয়া আরও ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অধীনে নেওয়া আলোচ্য প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি।
এলজিইডি বাস্তবায়নাধীন এই বিশাল প্রকল্পে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) সম্পন্ন হবে।
এই মেগা প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ৪৮টি জেলায় ১২৫টি উপজেলার ওপর দিয়ে মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। অনুমোদনের পরপরই চলতি বছর থেকে এর নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ২০৩১ সালের মধ্যে এটি পর্যায়ক্রমে সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ এলাকার যোগাযোগ নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও টেকসই করাই এই প্রকল্প গ্রহণের মূল উদ্দেশ্য।

















