কুমিল্লার দাউদকান্দিতে পুলিশি হেফাজতে থাকা এক শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মামুন শিকারী, তিনি দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে একদল পুলিশ মামুন শিকারীকে আটক করে। হাতকড়া পরানো অবস্থায় নিয়ে যাওয়ার সময় দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে মামুন শিকারীকে পুলিশ থেকে প্রায় ১০ গজ দূরে নিয়ে যান ওই ছাত্রদল কর্মী। পরে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে পুনরায় মামুন শিকারীকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনার বিষয়ে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী দাবি করেন, আটকের পর ধস্তাধস্তির ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। নিজেকে ছাত্রদলের সাধারণ কর্মী উল্লেখ করে তিনি জানান, তার এখনো কোনো আনুষ্ঠানিক পদ নেই।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, পুলিশি আটক থেকে মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আবার আটক করে। বর্তমানে শ্রমিক লীগ নেতা মামুন শিকারী থানা হেফাজতে রয়েছেন।
এদিকে, দাউদকান্দি থানার এসআই কমল বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বিস্তারিত তথ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির জানিয়েছেন, তিনি অভিযোগের বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।

















