মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের সাথে জড়িত গুপ্তচরবৃত্তির বিতর্ক এবং চীনে উন্নত এআই চিপ রপ্তানির ঘটনায় লুটনিকের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ সামনে আসার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক আইনপ্রণেতার অভিযোগ, লুটনিকের প্রশাসন বেশ কিছু চীনা কোম্পানিকে মার্কিন বাণিজ্য বিভাগের কালো তালিকায় যুক্ত করতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার জেনসেন হুয়াং সিইও পদ থেকে পদত্যাগ করেন। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের মাধ্যমে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, চীনে এআই চিপ পাঠানো আটকাতে লুটনিক যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেননি। যদিও হোয়াইট হাউস এবং বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে বৃহস্পতিবারের আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবুও পরিস্থিতি সামাল দিতে আগামী ৩ ডিসেম্বর লুটনিককে কংগ্রেসে তলব করা হয়েছে, যেখানে সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট তাকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, গত জুন থেকে ট্রাম্প প্রশাসন চীনের এআই স্টার্টআপ ডিপসিক ও মেমরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ ১০০টির বেশি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা স্থগিত রেখেছে। জাতীয় নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও এই তালিকায় নতুন কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়নি ২০২৫ সালের অক্টোবরের পর থেকে। ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্রিস কুনস রপ্তানি নিয়ন্ত্রণের এই ফাঁকফোকর নিয়ে ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হাওয়ার্ড লুটনিক ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড কোম্পানি ৪.৮ বিলিয়ন ডলার বা ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের এনভিডিয়া চিপ কিনেছে, যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চীনে উন্নত এইচ২০০ এআই চিপ বিক্রির অনুমোদনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন ও রিচার্ড নিল। এই বিক্রির প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা ও তাদের আরোপিত চার্জকে তারা ‘অসাংবিধানিক রপ্তানি কর’ হিসেবে অভিহিত করে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্টও চিপ রপ্তানি অনুমোদনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের পূর্ণ তদন্ত দাবি করেছেন, যদিও তিনি লুটনিকের প্রতি ব্যক্তিগত আস্থা বজায় রেখেছেন। এছাড়া রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
সিনেটর জন কেনেডি জানিয়েছেন যে তিনি এখনো নিশ্চিত নন লুটনিককে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত কিনা, তবে তিনি দ্রুত সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রীকে তাগিদ দিয়েছেন। সব মিলিয়ে এনভিডিয়ার রপ্তানি তদারকি এবং চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের সক্ষমতা এখন মার্কিন রাজনীতিতে বড় প্রশ্নের মুখে পড়েছে।

















