আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ধোঁকাবাজ, চাঁদাবাজ কিংবা নৈরাজ্য সৃষ্টিকারীদের ভোট না দিয়ে শরিয়াহর পক্ষে থাকা প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই বক্তব্য দেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। শ্রমিকবান্ধব কোনো অর্থনৈতিক বা শ্রমব্যবস্থা গড়ে ওঠেনি। শ্রমিকদের কাঙ্ক্ষিত অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি ও শ্রমব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল নেতাদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার নির্দেশ দেন এবং দলের প্রার্থীদের বিজয়ী করতে কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অটোরিকশাচালকদের প্রতি সরকারের আচরণের সমালোচনা করে রেজাউল করীম বলেন, তাঁদের ওপর জুলুম-নির্যাতন না চালিয়ে বরং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সুশৃঙ্খলভাবে যান চলাচলের সুযোগ করে দিয়ে একটি মানবিক পরিবহনব্যবস্থা নিশ্চিত করা এখন জরুরি। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বিএনপির সমালোচনা করে দেশে চাঁদাবাজি বন্ধ ও দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আশরাফ আলী আকন বক্তব্য রাখেন। জাতীয় কাউন্সিল থেকে ২০২৭-২৮ বর্ষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মুহাম্মাদ খলিলুর রহমানকে সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে।

















