যুক্তরাষ্ট্রের আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নাম উঠে এসেছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে। শনিবার সংগঠনটির এক সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে, যার পক্ষে ২৯১ ভোট এবং বিপক্ষে ১২৩ ভোট পড়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার এখতিয়ার সংগঠনটির নেই, তবে এই ভোটের মাধ্যমে তারা আসন্ন নির্বাচনি প্রচারণার প্রস্তুতি এবং ওকাসিও-কর্টেজকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার একটি দৃঢ় বার্তা দিয়েছে। সংগঠনটির এই শাখা তাঁর নিজ নির্বাচনী এলাকার শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে।
মার্কিন রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে মোড় নিতে পারে, নিউইয়র্কের এই সিদ্ধান্তকে তার অন্যতম প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিএসএ নিউইয়র্ক সিটি শাখার কো-চেয়ার গুস্তাভো গরদিলো আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ডোনাল্ড ট্রাম্পের মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে, তবে আমার বিশ্বাস, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও জয়ী করতে সক্ষম হব।’
মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ সমর্থিত প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো।
ওই নির্বাচনে সংগঠনটির সমর্থিত রেকর্ড আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে জয়ী হয়েছেন, যারা আগামী জানুয়ারিতে কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ওকাসিও-কর্টেজ, যিনি রাজনীতিতে ‘এওসি’ নামে অধিক পরিচিত, তিনি দীর্ঘ সময় ধরে ডিএসএ নিউইয়র্ক শাখার সক্রিয় সদস্য। প্রায় ১৫ হাজার সদস্যবিশিষ্ট এই শাখা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত। ২০১৮ সাল থেকে ওকাসিও-কর্টেজের পাঁচটি সাধারণ নির্বাচনেই সংগঠনটি তাঁর পক্ষে কাজ করেছে। এর আগে গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকেও সমর্থন দিয়েছিল তারা।
সংগঠনটির কো-চেয়ার গ্রেস মাউসার জানান, স্থানীয় পর্যায়ে তাদের এই প্রভাব জাতীয় রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘আমরা সিটি হলে মেয়র ও শহর থেকে তিনজন সোশ্যালিস্ট প্রতিনিধি পাঠিয়েছি। তাই রাজনীতিতে আমাদের অবস্থান ও বক্তব্য এখন সবাই গুরুত্বসহকারে দেখছে। শহর, অঙ্গরাজ্য এমনকি পুরো দেশেই আমরা একটি বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছি।’ তাই কোনো রাজনীতিক ব্যক্তিগতভাবে ডিএসএকে পছন্দ করুন বা না করুন, আমরা কী বলছি এবং কীভাবে এগোচ্ছি, তা তাঁরা অবশ্যই বিবেচনায় নিচ্ছেন।’।
নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ওকাসিও-কর্টেজ ডেমোক্রেটিক পার্টির একজন প্রভাবশালী সদস্য। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী এক অভিজ্ঞ প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে আসেন। সবার জন্য স্বাস্থ্যসেবা, সরকারি কলেজে বিনা বেতনে উচ্চশিক্ষা এবং শ্রমিক অধিকারের মতো প্রগতিশীল নীতির পক্ষে তিনি সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা একজন প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।
২০২৮ সালের নির্বাচনকে সামনে রেখে ডিএসএ এখনো তাদের জাতীয় পর্যায়ের পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত করেনি। গ্রেস মাউসার জানান, ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার ভিত্তিতে এই নীতিমালা তৈরি করা হবে। তিনি বলেন, ‘জনসাধারণের কাছে এখন আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণই হবে আমাদের জাতীয় নীতিমালার মূল ভিত্তি।’ এসবই জীবনযাত্রার ব্যয় সামলানোর সঙ্গে সম্পর্কিত।
প্রস্তাবিত লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এই প্রচারণা শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় একটি নীতিমালা তৈরির সুযোগ সৃষ্টি করবে। এতে সরকারি আবাসন ব্যবস্থা, অভিবাসন সংস্কার, আইসিই (ICE) বিলুপ্ত করা, শ্রমিকদের সংগঠিত হওয়া এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিউইয়র্ক ডিএসএ’র এই ভোটের মাধ্যমে ওকাসিও-কর্টেজের প্রার্থিতার জন্য বামপন্থীদের চাপ আরও জোরালো হলো। এর আগে জাতীয় পর্যায়েও তাঁকে নিয়ে আলোচনা হয়েছে এবং ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বতন্ত্র প্রচারণা শুরু হয়েছে। তবে ওকাসিও-কর্টেজ এখনো ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এর আগে তিনি জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সিনেটের আসনে লড়াই—উভয় সম্ভাবনাই এখনো খোলা রয়েছে।

















