ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের কয়েকটি অবস্থানে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, তাদের যোদ্ধারা ওই এলাকায় অবস্থানরত ‘শত্রু সৌদি বাহিনী’ লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, খারাজ এলাকায় সৌদি সেনাদের সমাবেশের স্থানগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, এই হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত হয়েছেন এবং বেশ কিছু সামরিক যান ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে এই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
কৌশলগতভাবে লাহিজ প্রদেশটি দক্ষিণ ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এলাকাটি এডেন ও পশ্চিম উপকূলের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে। এর ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপত্তা বিবেচনায় এটি অত্যন্ত সংবেদনশীল। মূলত বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সঙ্গে লাহিজের বিশেষ সংযোগ রয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই জলপথ দিয়ে বিশ্বজুড়ে বাণিজ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচল করে থাকে।
উল্লেখ্য, এই অঞ্চলে হুতি বাহিনীর সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এবং সৌদি আরবের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটি দীর্ঘকাল ধরেই সামরিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

















