শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দর্শনা পরিবহণের একটি বাস। চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের খাদে পড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। তারা দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় মিলেছে, যার বাড়ি চুয়াডাঙ্গায়। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির গতিবেগ এবং ওভারটেকিংয়ের প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।











