বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে ভারত সঠিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৯৬ সালের এই চুক্তি নবায়ন বা সংশোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একটি নেগোসিয়েশন কমিটি কাজ করছে। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো ধরনের উত্তেজনা নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সরকার একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে চায়। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা উত্তেজনা তৈরির পরিবর্তে আলোচনার টেবিলে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বৈরিতা বা মতপার্থক্য তৈরি হলেও আলোচনার মাধ্যমেই সবকিছুর সুরাহা সম্ভব।
এদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আঙ্কারায় দুই দিনের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জলবায়ু তহবিল থেকে ঋণের বদলে অনুদান প্রাপ্তি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি সেখানে জোরালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত ঢাকা কোনো আনুষ্ঠানিক বার্তা বা বিস্তারিত তথ্য পায়নি। এছাড়া নিজের সদ্য সমাপ্ত স্পেন সফর নিয়ে তিনি জানান, মাদ্রিদের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা বেশ সফল হয়েছে। বিশেষ করে বাংলাদেশের পাটশিল্পসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে স্পেনের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন।

















