যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স নিজের দলের প্রার্থী আবদুল আল-সাইয়েদকে সমর্থন না দিয়ে উল্টো রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন। এই ঘটনায় দলের অভ্যন্তরে বিভক্তি প্রকাশ্যে এলেও, ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদের সমর্থকেরা এর ফলে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছেন। স্টিভেন্সের এই বিতর্কিত সিদ্ধান্তের পর আল-সাইয়েদের নির্বাচনি প্রচারণায় যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
মিশিগানের সাউথফিল্ডে আয়োজিত একটি সমাবেশে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উপস্থিত অনেকে স্টিভেন্সের অবস্থানকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে অভিহিত করেছেন। সমাবেশ থেকে মন্তব্য করা হয়, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে ডেমোক্র্যাটদের উচিত স্টিভেন্সের অবস্থানকে উপেক্ষা করে আল-সাইয়েদকে বিজয়ী করার লক্ষ্যে আরো জোরালোভাবে কাজ চালিয়ে যাওয়া। সমাবেশে অংশ নেওয়া দুই নারী ভোটারের মতে, রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্তটি স্টিভেন্সের নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
তহবিল সংগ্রহের দিক থেকেও বড় সাফল্য পেয়েছে আল-সাইয়েদের প্রচারশিবির। স্টিভেন্সের ঘোষণার ঠিক পরদিনেই দলটি ২৪ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। এটি আল-সাইয়েদের নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে এক দিনে রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহের ঘটনা। সমর্থকরা মনে করছেন, স্টিভেন্সের পক্ষত্যাগের পরপরই এমন অভাবনীয় অর্থ সংহতি কোনো কাকতালীয় ঘটনা নয়; বরং এটি আল-সাইয়েদের প্রতি ভোটারদের ক্রমবর্ধমান সমর্থন ও উদ্দীপনার বহিঃপ্রকাশ।

















