কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য দেশটিতে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।
আইএসপিআর জানায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় এই সদস্যরা দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। যাত্রা শুরুর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি নৌবাহিনীর সুনাম বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকেই কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়মিতভাবে সদস্যদের পাঠিয়ে আসছে। আগের ব্যাচগুলোর সদস্যরা তাদের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জনে সক্ষম হয়েছেন।
নতুন এই নিয়োগের ফলে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। কাতারে এই দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারত্বের প্রতিফলন ঘটবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এছাড়া, এই প্রেষণ বিদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

















