ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে আইন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস অনুসরণ করা হচ্ছে এবং কোনো আবেগ নয়, বরং আইন প্রয়োগের মাধ্যমেই এগোচ্ছে সরকার।
ভারত সরকারের অবস্থান বা শেখ হাসিনার বর্তমান মর্যাদা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের নিজস্ব এখতিয়ার। তবে আমাদের দেশের প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে তাকে হস্তান্তরের পর দেশের আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে ভারত রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখলেও আমাদের কাছে তিনি একজন অপরাধী, কারণ বাংলাদেশের আদালত তাকে সাজা দিয়েছে।
বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ওই আন্দোলনে ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিচার প্রক্রিয়ায় কোনো ক্যামেরা ট্রায়াল হয়নি এবং সাক্ষীরাও তাদের বক্তব্য তুলে ধরেছেন। ন্যায়বিচারে কোনো ঘাটতি নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমরা পুরো বিষয়টি আইনগতভাবে ডিল করব। ভারত তাকে কীভাবে দেখছে তা তাদের বিষয়, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আদালতে তার বিচার হয়েছে এবং আইনি পথে তাকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব।

















