রাজধানীর কলাবাগান এলাকার ডলফিন গলি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাঁকে আটক করা হয়। পরে কলাবাগান থানা পুলিশের কাছে তাঁকে সোপর্দ করলে পুলিশ একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল জানান, যুবদলের কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তবে মির্জা আনোয়ার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পায়নি।
ঘটনার সময় রবিউল ইসলাম নয়ন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, নাশকতার পরিকল্পনা করার সময় হাতেনাতে মির্জা আনোয়ারকে আটক করা হয়েছে। ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, আটকের পর পুলিশের একজন ডিআইজি তাঁকে ফোন করে মির্জা আনোয়ারকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রবিউল ইসলাম বলেন, ‘একজন ডিআইজি ফোন করে বলছেন যে মির্জা আজমের ভাইকে ধরা যাবে না, কিন্তু আমরা আইন ও প্রশাসনকে সহযোগিতা করছি।’
ভিডিওতে কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রবিউল ইসলাম বলেন, আটক ব্যক্তির গায়ে কেউ যেন হাত না তোলে। এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এদিকে, জাতীয় সংসদে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে।

















