রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আনা পরিবর্তনের ফলে যান চলাচলের গতি বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এক সময় ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় মাত্র ৪ কিলোমিটার, যা এখন বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে। ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। নতুন ট্রাফিক লাইটগুলো বসানো শেষ হলেও সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি; তবে আগামী দুই মাসের মধ্যে এগুলো চালু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া, মেট্রোরেলের বাকি রুটগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের সুবিধার্থে মনোরেলের বিষয়টিও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স প্রবাহ নিয়ে বিএনপির সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে কর্মী পাঠানোর যে উদ্যোগ নিয়েছিলেন, তাকে আরও সুসংহত করতে সরকার নানামুখী নীতিগত সংস্কার করেছে। অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি ও বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার সচেষ্ট রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
১৯ অক্টোবরের সর্বশেষ তথ্য অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি আরও বলেন, বিগত সময়ের সরকারগুলোর আমলে বিদেশে কর্মী পাঠানোর সিন্ডিকেট বড় সমস্যা তৈরি করেছিল। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত করা সম্ভব হয়েছে এবং প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানো যাবে। এর মধ্যে বিগত আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের এবং গুম-খুনের শিকার হওয়া পরিবারের ১ হাজার সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও গাড়িচালকসহ নানা খাতে নতুন কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান। ওই সময় ক্ষমতাসীনদের লোকজন বিদেশে নেওয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এসব সিন্ডিকেটের কারণে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, কোথাও স্থগিত করেছিল, আবার কোথাও কর্মী নেওয়ার প্রক্রিয়া ধীর করে দিয়েছিল।
ঋণখেলাপি ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে সংরক্ষিত আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে এস আলম, বেক্সিমকো, সিকদার ও ওরিয়নসহ মোট ছয়টি গ্রুপকে দেওয়ানি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কনসোর্টিয়াম পদ্ধতিতে ব্যাংকগুলো সম্মিলিতভাবে সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ দেওয়ানি কার্যক্রমে কনসোর্টিয়ামভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো পৃথকভাবে নয়, বরং সম্মিলিতভাবে সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
জনসাধারণের জন্য উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ১ হাজার ইউনিয়নে তিন থেকে আট বিঘা জমির ওপর খেলার মাঠ প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। ইতিমধ্যে ৩৮টি জেলা থেকে ৫৫৩টি ইউনিয়নের মাঠ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত অক্টোবর পর্যন্ত নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪০ লাখ ৫৬ হাজার ৬২১ জন। গত ১০ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রায় ৭৪ হাজার নারীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে। ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদানের পরিমাণও সরকার বৃদ্ধি করেছে। ১০ মার্চ থেকে গত ৩০ অক্টোবর পর্যন্ত ৭৪ হাজার ২২৬ নারীকে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি ও সার সরবরাহ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, গত ১৬ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৯ লাখ ১৮ হাজার ৪৭৯টি চারা রোপণ করা হয়েছে। এছাড়া গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এখন বিসিআইসি ও বিএডিসি ডিলারদের বিভাজন আর থাকছে না। সব ডিলার তাদের নির্ধারিত চাহিদার ভিত্তিতে ইউরিয়া ও নন-ইউরিয়া সার পাবেন এবং নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে ৯ লাখের বেশি গাছ রোপণ। প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নীতিমালা অনুযায়ী, সব সার ডিলার সরকার নিযুক্ত, সরকারি নিবন্ধনকৃত ও সরকারি তালিকাভুক্ত ডিলার হিসেবে বিবেচিত হবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সব ডিলার তাঁদের অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।
এদিকে, প্রশ্নোত্তর পর্ব চলাকালে সংসদের শৃঙ্খলা বজায় রাখা নিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন। কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য ফজলুর রহমান বিদেশগামী কর্মী নিয়ে সম্পূরক প্রশ্ন করার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাকে নিজ আসনে বসার অনুরোধ জানান। সেই সময় সামনের সারিতে বসা সংসদ সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। দয়া করে অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করুন।’ সাধারণত সম্পূরক প্রশ্ন করার জন্য সংসদ সদস্যরা হাত তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে তাঁকে বলতে শোনা যায়।

















