যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে ‘হিজ হাইনেস শায়খ তামিম বিন হামাদ আল থানি সেন্টার ফর ইনোভেশন’-এর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। যুক্তরাজ্য সফরকালে কাতারের উপপ্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন এই কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। সফরের শুরুতে বিমানবন্দরে কাতারের প্রতিনিধিদলকে স্বাগত জানান স্যান্ডহার্স্ট একাডেমির কমান্ডার ব্রিগেডিয়ার নিক কক্স।
উদ্বোধনী আয়োজনে উভয় দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন যুক্তরাজ্যের প্রবীণ বিষয়ক মন্ত্রী লর্ড বেন ওয়ালেস, ব্রিটিশ আর্মির চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল স্যার রোল্যান্ড ওয়াকার এবং যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শায়খ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি। এছাড়া দুই দেশের উর্ধ্বতন সামরিক ব্যক্তিত্ব ও কূটনীতিকরাও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।
সফরকালে কাতার ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ সামরিক ও একাডেমিক প্রশিক্ষণ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সম্ভাব্য সুযোগগুলো খতিয়ে দেখেছে। নতুন এই উদ্ভাবনী কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বে নতুন এক মাইলফলক যুক্ত হলো বলে মনে করা হচ্ছে।
স্যান্ডহার্স্ট একাডেমির শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে বিশেষ ভূমিকা রাখবে এই নতুন ইনোভেশন সেন্টার। এটি আধুনিক প্রযুক্তি প্রয়োগ, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। সফর চলাকালে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী একাডেমিটিতে অধ্যয়নরত কাতারি অফিসার ও ক্যাডেটদের সাথে আলাদাভাবে দেখা করে তাঁদের সার্বিক খোঁজখবর নেন।

















