গোপালগঞ্জ শহরে রোববার লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে শুরু হয়ে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ চলে। এসময় দলটির কর্মীরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন। এপিসির ওপর দাঁড়িয়েও অনেককে স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা ওই যানের পেছনের লুকিং গ্লাস এবং পুলিশ বক্সের গ্লাস ভেঙে ফেলে এবং এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেয়।
বিক্ষোভের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নেতাকর্মীরা। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক লঞ্চঘাট এলাকায় জড়ো হওয়ার পর মিছিলটি বের করেন। অনেকের মাথায় হেলমেট ছিল এবং তারা দফায় দফায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।














