গত বৃহস্পতিবার সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’-এর ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে ডাকা আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টায় শেষ হয়েছে। অবরোধ চলাকালীন বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অতিরিক্ত টহল অব্যাহত ছিল। দুর্গম পাহাড়ি এলাকায় অবরোধ সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করলেও কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের কারণে দুর্গম অঞ্চলে যান চলাচল বন্ধ থাকলেও শহরে এর তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ব্যবসা-বাণিজ্য ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকার ব্যবসায়ীরা শহরে পণ্য আনতে না পারায় শনিবারের অনেক সাপ্তাহিক বাজার বসেনি। এতে প্রান্তিক পর্যায়ের চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে, প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে সাজেক পর্যটন কেন্দ্র বর্তমানে পর্যটকশূন্য অবস্থায় রয়েছে। বৃহস্পতিবারের ওই গোলাগুলির পর সাজেকের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, রাঙামাটি শহর এলাকায় পর্যটকদের স্বাভাবিক সমাগম লক্ষ্য করা যাচ্ছে।

















