গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। রোববার বিকেলে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ৪৫ বছর বয়সী আয়েশা খাতুন ও তার ২২ বছর বয়সী ছেলে ইয়াছিন। তাদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামে। দুর্ঘটনায় আহত আরজিনা নামের অপর এক নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে টঙ্গী ফিরছিলেন। বিকেলে স্টেশন রোড এলাকায় বাস থেকে নামার পর ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাজীপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















