জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচনের আগে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার তা অক্ষরে অক্ষরে পালন করছে। একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে বিপুল বরাদ্দ রেখেছে।
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বিদ্যালয়টিতে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব। এ সময় বিসিবি কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌসী বেগম ও প্রধান শিক্ষক আফসার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

















