বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, আলীয়া মাদরাসার বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মাদরাসার শিক্ষার্থীদের নৈতিকতা ও ঈমান-আকিদা দুর্বল করার উদ্দেশ্যে কৌশলে ডারউইনের মতবাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখকদের সাহিত্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিববার সকালে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, চার-পাঁচ বছর আগেও মাদরাসা শিক্ষাবোর্ডের ফলাফল অন্যান্য বোর্ডের চেয়ে ভালো ছিল। কিন্তু বিগত সরকার মাদরাসা থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে পরিকল্পিতভাবে স্কুল-কলেজের পাঠ্যসূচির সাথে মাদরাসার পাঠ্যক্রম হুবহু মিলিয়ে ফেলার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় একটি ‘ব্রাউনম্যান’ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্রের অংশ ছিল আলীয়া মাদরাসা শিক্ষা কাঠামোকে স্কুল-কলেজের শিক্ষাকাঠামোর মতো করে ফেলা। এখন স্কুল-কলেজে যেই বই পড়ানো হয়, আলীয়া মাদরাসায়ও হূবুহূ সেই বই পড়ানো হয়।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা দেওয়া হতো। কারণ হিসেবে উল্লেখ করা হতো, মাদরাসা বোর্ড পর্যায়ে বাংলায় ১০০ ও ইংরেজিতে ১০০ নম্বরের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। এই বৈষম্যের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়েছিলেন। কারণ হলো, মাদরাসা বোর্ড আলীমে বাংলায় ১০০ নম্বর এবং ইংরেজিতে ১০০ নম্বর পড়ানো হয় তাই। এ ঘটনায় আমরা মামলা করেছিলাম।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শিশির মনির বলেন, মাদরাসার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ব জয়ের সক্ষমতা অর্জন করবে। এছাড়া নূরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশে আগামীর রাজনীতিতে দলীয় ও পারিবারিক প্রভাব কমে আসবে। আগামী বিশ বছরের মধ্যে মাদরাসার মেধাবী শিক্ষার্থীরাই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, মাদরাসার বর্তমান শিক্ষার মানকে যদি আরেকটু উন্নত ও আধুনিকায়ন করা যায়, বাংলাদেশের মাদরাসার ছাত্ররা বিশ্ব বিজয় করার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ। তিনি মাদরাসা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আগামীতে যে রাজনীতি দেশে আসতেছে, আমার ধারণা দলীয় এবং পারিবারিক রাজনীতি দেশ থেকে চলে যাবে।
অনুষ্ঠানে ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং শিল্পী মশিউর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে তুরাগ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়।

















