কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড় চারটার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানী ঢাকা থেকে আসা ১২ জনের একটি ভ্রমণদলের মধ্যে পাঁচজন সাগরে নামলে বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। পরবর্তীতে লাইফগার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়।
এ ঘটনায় নিখোঁজ থাকা বাকি দুই পর্যটককে উদ্ধারে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাণ হারানো তিনজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং তা জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে লাইফগার্ড সংস্থা সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, বর্তমানে হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে অন্তত ২০টি বিপজ্জনক গুপ্তখাল সৃষ্টি হয়েছে। ঝুকিপূর্ণ এসব পয়েন্টে লাল নিশানা টাঙিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও অনেকে তা অমান্য করেই সাগরে নেমে পড়ছেন।

















