তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
নির্বাচনে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মাসুদ রুমী। সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়। কার্যনির্বাহী পর্ষদের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন এবং কোষাধ্যক্ষ হয়েছেন আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের প্রতিবেদক রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারহানা হক নীলা বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান এনামুল হক মজুমদার। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এই পর্যায়ে নতুন পর্ষদের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

















