আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় টানা চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা অর্জন করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান। মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সঠিক নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। এর আগে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও তিনি একই সম্মাননা লাভ করেছিলেন।
এই অর্জনের পর ওসি মো. রাকিবুল হাসান বলেন, সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, সিরাজগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের চৌকস টিমের নিরলস পরিশ্রমের ফলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

















