পাঁচ বছরের শিশুর হাতে থাকা এআই-চালিত খেলনা বর্তমানে শুধু গান গায় না, বরং মানুষের মতো কথোপকথনও করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত এই খেলনাগুলো শিশুর যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তবে অভিভাবকরা এতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও গবেষকরা এর পেছনে লুকিয়ে থাকা বড় ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ড এআই-চালিত চারটি খেলনা নিয়ে পরীক্ষা চালিয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরীক্ষিত খেলনাগুলো শিশুদের জন্য অনিরাপদ তথ্য দিতে পারে। এমনকি দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগের মতো ক্ষতিকর বস্তু কোথায় পাওয়া যাবে, সেই নির্দেশনাও দিয়ে দিচ্ছে এসব খেলনা। এমন একটি টেডি বিয়ারের বিপণন সাময়িকভাবে বন্ধও করা হয়েছিল।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, মানুষের মতো আচরণকারী এসব খেলনার ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। খেলনা তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার দিকটি সেভাবে গুরুত্ব পায়নি। এছাড়া ‘দ্য কনভারসেশন’-এর গবেষণায় দেখা গেছে, ছোট শিশুরা বুঝতে পারে না যে খেলনাটি জীবিত নয়। অনেক কোম্পানির ব্যবসায়িক মডেল শিশু কতক্ষণ খেলনাটির সঙ্গে কথা বলছে তার ওপর নির্ভর করে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অভিভাবকের উচিত খেলনাটি যেন ঘরের সবার চোখের সামনে থাকে এমন জায়গায় রাখা। শিশুকে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার নিয়ম শেখাতে হবে এবং মাঝে মাঝে নিজে শুনে যাচাই করতে হবে যে খেলনাটি কী বলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এসব খেলনা কি শিশুর কল্পনাশক্তি বাড়াচ্ছে নাকি কেড়ে নিচ্ছে—তা নিয়ে অভিভাবক মহলে এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

















